নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ইনান সহ ৭ জনের ফাঁসির রায়ের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ধকরাহাট এলাকায় ১৫০-২০০ জন নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
পরে মিছিল শেষে ফেরার পথে বেংহারি বনগ্রাম ইউনিয়নের পূর্ব ধনিপাড়া এলাকায় থেকে তিনজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আরো দুইজনকে আটক করে।
এঘটনায় বুধবার দুপুরে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০২৬) এর কয়েকটি ধারায় বোদা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাগর আলী বাদী হয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা।
গ্রেপ্তারকৃতরা হলেন,বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহিষবাথান এলাকার মো. রিয়াদ ইসলাম(২১),আব্দুলআজিজ বিপ্লব(২১), আরাজী মাড়েয়া সরকারপাড়া এলাকার মো. আশিকুজ্জামান আকাশ(২৪), ময়দানদিঘী ইউনিয়নের জমকুড়া পাড়া এলাকার মো. সাদ্দাম হোসেন(৩০), মহাজান পাড়া এলাকার মো. আশরাফুল ইসলাম (৫৫)। তবে মিছিলের পরে স্থানীয়রা তিনজনকে আটক করে দেয়ার পরে তারা মিছিল করেছে কিনা তার প্রমাণ বা ছবি, ভিডিও কোনটিই সংগ্রহ করতে পারেনি পুলিশ। পরে পুলিশ জানায়, কোন কিছু প্রমাণ না থাকায় এনিয়ে তদন্ত চলছে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। রাজনৈতিক মামলা বিবেচনায় ওসির নির্দেশনা ছাড়া তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মো সাগর আলী।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন