কবিতার একটি স্বচ্ছন্দ গতি আছে, একে কোন অনুশাসনে বাঁধা যায় না। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কবি ইয়াসমিন আরা রানু’র দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তোমার উষ্ণতায়’ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মনতোষ কুমার দে এ কথা বলেন।
দিনাজপুর প্রেসক্লাবে সৃজনশীল সংগঠন মণিমেলা আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক মনতোষ আরো বলেন, কবিতা বা কাব্যশিল্পকে নির্দিষ্ট কোন সংজ্ঞায় বা শাসন কাঠামোয় বেঁধে ফেলতে চাইলে সে তার আপন মহিমায় সকল বাধাকে অতিক্রম করে এবং নতুন নতুন রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়।
কবি ইয়াসমিন আরা রানু’র সভাপতিত্বে এবং মণিমেলার পরিচালক নূরুল মতিন সৈকতের সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবি আযাদ কালাম, ড. মারুফা বেগম এবং কবি লাল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মণিমেলার সাধারণ সম্পাদক স্বপ্না রায়। বক্তাগণ কবিতার অবারিত ধারা কবির বাহ্যিক কলম নিঃসৃত মনে হলেও আসলে কবির অন্তরের রক্তক্ষরণ থেকে প্রবাহিত হয় বলে মন্তব্য করেন।
মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, দৈনিক উত্তরবাংলার সম্পাদক মতিউর রহমান এবং দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল। প্রধান অতিথি কর্তৃক গ্রন্থটির মোড়ক উম্মোচনের পর গ্রন্থের ৬টি কবিতা আবৃত্তি করে শোনান আবৃত্তি শিল্পী সেখ ছগীর আহম্মদ কমল, বাসুদেব শীল, মুনিরা আক্তার লুবনা, শিরিন আক্তার পারভীন, স্বপ্না শর্মা ও শুভ রায়।
গ্রন্থটির মোড়ক উম্মোচনের আগে লেখক, গবেষক ও সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মনতোষ কুমার দে কে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন মণিমেলার শিল্পী শ্রেয়া ভট্টাচার্য্য, শুচি বসাক, অনুশ্রী রায় এবং সারাহ খান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন