দিনাজপুরের বিরলে অ-সাবধানতাবশত রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে জামাল (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল ধামইর ইউনিয়নের ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে জামাল নামের ওই বৃদ্ধ ডিপপাড়া এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তিনি লাইনের ওপরই কাটা পড়েন। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত জামাল শ্রবণ প্রতিবন্ধী (কানে কম শুনতেন) ছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রেন আসার শব্দ ও হর্ন শুনতে না পাওয়ার কারণেই তিনি লাইন থেকে সরে যেতে পারেননি, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পরই ধামইর ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে দুর্ঘটনা স্থলের পরিবেশ।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন