দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী গড়ফতু উদয়ন ক্লাব মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গড়ফতু উদয়ন ক্লাব আয়োজিত ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গড়ফতু উদয়ন ক্লাব মাঠে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।
তিনি আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এজন্য নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। স্থানীয় পর্যায়ে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার চর্চা বাড়ানোর মাধ্যমে নতুন প্রজন্মকে মাঠমুখী করার আহ্বান জানান।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী।
গড়ফতু উদয় ক্লাবের সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী আজিজুর রহমান, ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন, সাবেক চেয়ারম্যান কে. এম. কুতুব উদ্দিন এবং সহকারী শিক্ষক মতিউল ইসলাম।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় নীলফামারীর এলিট স্পোর্টস ক্লাব ও রংপুরের স্যান্টোস ফুটবল একাডেমী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে এলিট স্পোর্টস ক্লাব নীলফামারী বিজয়ী হয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। আর স্যান্টোস ফুটবল একাডেমী রংপুর রানার্সআপ হয়।
খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী ও দর্শক মাঠে উপস্থিত হন। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। ফাইনাল ম্যাচজুড়ে ছিল উত্তেজনা ও আনন্দ-উচ্ছ্বাস। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জমজমাট এই ফুটবল খেলা উপভোগ করেন।
আয়োজকদের মধ্য থেকে মো হামিদুর জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং গ্রামবাংলার ফুটবল ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন