দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারি অর্থে খনন করা খালগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
আজ শনিবার রাজধানীর কেআইবি সম্মেলন কেন্দ্রে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি উন্নয়ন ও পুনর্বাসন কর্মসূচির সঙ্গে স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে প্রকল্পের স্থায়িত্ব বাড়ে। বিশেষ করে খাল খনন, জলাবদ্ধতা নিরসন, কৃষি, মৎস্য, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও অন্যান্য আয়বর্ধক কর্মকাণ্ডকে সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, কোনো প্রকল্পের সাফল্য শুধু কত টাকা ব্যয় হলো বা কতটি অবকাঠামো নির্মাণ করা হলো—তা দিয়ে পরিমাপ করা উচিত নয়। প্রকল্পের মাধ্যমে মানুষের জীবন কতটা পরিবর্তিত হলো, আয় কতটা বাড়ল, কর্মসংস্থান সৃষ্টি হলো কি না এবং স্থানীয় অর্থনীতি কতটা শক্তিশালী হলো, এসব বিষয়ও মূল্যায়নের অংশ হতে হবে।
তিনি বলেন, দুর্যোগপ্রবণ মানুষের জীবনকে স্থায়ীভাবে নিরাপদ ও স্বাবলম্বী করতে হলে ত্রাণনির্ভরতার পরিবর্তে আয়বর্ধক কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে হবে। সরকারি সহায়তা এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে একজন মানুষ একবার সহায়তা পাওয়ার পর পরবর্তী সময়ে নিজের আয় দিয়ে পরিবার পরিচালনা করতে পারেন।
সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, সচিব সাইফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সম্মেলনে মন্ত্রী মাঠপর্যায়ের কর্মকর্তাদের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মসূচির যথাযথ বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে নতুন চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন