“সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন—দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস–২০২৬ উপলক্ষে দিনাজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোঃ গোলাম রসুল রাখি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মোঃ ওয়াহেদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুল মুমতাহিনা, আরএমও ডা. মোঃ নূর আলম, এমওসিএস ডা. হোসেন মোঃ নাহিদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাপদংশনের পর আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো এবং যথাযথ চিকিৎসা গ্রহণ করা জরুরি। সময়মতো চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাপদংশনজনিত মৃত্যু ও নানা ধরনের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
বক্তারা আরও বলেন, সাপদংশনের ক্ষেত্রে গুজব বা প্রচলিত ভুল পদ্ধতির ওপর নির্ভর না করে দ্রুত বৈজ্ঞানিক ও চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত পদ্ধতিতে চিকিৎসা নিতে হবে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সচেতনতা বার্তা হিসেবে বলা হয়—“সচেতন হই—সাপদংশনে জীবন বাঁচাই। দ্রুত চিকিৎসা নিন, গুজব নয়—বৈজ্ঞানিক চিকিৎসায় আস্থা রাখুন।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন