দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘নভারা বেসরকারি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট’।
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস রানডাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আর্চবিশপ কেভিন এস রানডাল কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির আসল মেরুদণ্ড। মানবদেহে একটি শক্তিশালী মেরুদণ্ড যেমন পুরো শরীরকে সামলে রাখে এবং শক্তি প্রদর্শন করতে সাহায্য করে, তেমনি সুশিক্ষিত ও দক্ষ শিক্ষার্থীরাই সমাজ ও রাষ্ট্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করায়।" বিশ্বজুড়ে কারিগরি দক্ষতার ব্যাপক মূল্যায়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন,"কারিগরি শিক্ষায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারলে দেশ ও জাতির সমৃদ্ধি অবশ্যম্ভাবী। একটি দালান বা ঘর নির্মাণের ক্ষেত্রে যেমন শক্ত ভিত এবং দক্ষ কারিগরের প্রয়োজন হয়, যা ভবনটিকে টেকসই ও মজবুত করে; ঠিক তেমনি একটি উন্নত জাতি গঠনেও মানসম্মত কারিগরি শিক্ষার বিকল্প নেই।" ভ্যাটিকান রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী মানসম্মত কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠবে এবং দেশ ও বিদেশের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ঐতিহ্যবাহী আদিবাসী গান ও নাচের তালে তালে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথি বরণ শেষে জাতীয় পতাকা ও ভ্যাটিকান সিটির পতাকা উত্তোলন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ফলক উন্মোচন করা হয় এবং পরবর্তীতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ড. সেবাষ্টিয়ান টুডু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার আন্তনী সেন, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী, সুইহারী ধর্মপল্লীর ফাদার পাওলো বালাম পিমে, শান্তিরানী সিষ্টার'স সংঘের সুপেরিয়র জেনারেল সিস্টার বীণা এস রোজারিও সিআইসি, সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সিস্টার সমুলা রোজারিও।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন নভারা বেসরকারি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ মাইকেল মার্ডী।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর ধর্মপ্রদেশের ফাদারগণ, সিস্টারগণ, শিক্ষকমণ্ডলী,যুবক-যুবতী ভাই-বোনেরা এবং সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন