আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ক্যাডেট পিস স্কুলের ৬২ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে সবক প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ শালবন মিলনায়তনে ক্যাডেট পিস স্কুল আয়োজিত ‘কুরআন হাতে প্রদান ও সবক অনুষ্ঠান’ এ শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কুরআন শিক্ষার গুরুত্ব, শিশুদের চরিত্র গঠন এবং অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং দিনাজপুর সরকারি কলেজ ও রংপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর মো. আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মো. জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ শাহজাহান সিরাজ শিপন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আবু বকর সিদ্দিক বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল বা প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুরআন শিক্ষা শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি শিক্ষার্থীদের মাদক, খারাপ সঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের শিক্ষার বিষয়ে শুধু বিদ্যালয়ের ওপর নির্ভর করলে হবে না। বাড়িতেও তাদের পড়াশোনা ও নৈতিক শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। বাড়িতে কুরআন পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সন্তানদের ভালো কাজের প্রতি উৎসাহিত করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রজন্মকে সুশিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
প্রধান আলোচক মুফতি মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, পবিত্র কুরআন মানুষের জন্য হেদায়েতের পথনির্দেশ। কুরআন শুধু তেলাওয়াত করার বিষয় নয়, এর শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করাই মূল কথা। শিশুকাল থেকেই কুরআনের শিক্ষা গ্রহণ করলে তাদের চরিত্রে নৈতিকতা, সত্যবাদিতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে।
তিনি বলেন, সন্তানদের শুধু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের দ্বীনি শিক্ষারও প্রয়োজন রয়েছে। আজ যাদের হাতে কুরআন তুলে দেওয়া হলো, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে কুরআনের হাফেজ ও দ্বীনের জ্ঞানসম্পন্ন মানুষ তৈরি হবে। তারা নিজেদের পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।
মুফতি মাওলানা জাহিদুল ইসলাম আরও বলেন, বীরগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে ক্যাডেট পিস স্কুল আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে কাজ করবে। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার এই উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যাডেট পিস স্কুলের পরিচালক মাহবুব আল আজিজ, দিনাজপুর কনফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রশিদ (মিলন) এবং ক্যাডেট পিস স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বুলবুল। এ সময় মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন