পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘ভাওয়াইয়া গানের আসর’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
জেলার শিল্প-সংস্কৃতির বিকাশ এবং স্থানীয় সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ‘সংস্কৃতি চর্চায়, সমৃদ্ধ আগামী’ শীর্ষক নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে ভাওয়াইয়া গানের এ আসর অনুষ্ঠিত হয়।
‘সৃজনশীলতার উন্মেষ, ঐতিহ্যের বিকাশ’ স্লোগানকে সামনে রেখে প্রতি মাসের তৃতীয় শনিবার এ সাংস্কৃতিক আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবারের আয়োজনের বিষয় ছিল ‘ভাওয়াইয়া গানের আসর’।
অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এ সময় ঐতিহ্যবাহী লোকসংগীতের পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক আবহ তৈরি হয়। স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও শিল্পীদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজক জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি জানিয়েছে, স্থানীয় সংস্কৃতি ও শিল্পীদের চর্চার সুযোগ তৈরি, নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতির বিকাশে নিয়মিত এ ধরনের আয়োজন করা হচ্ছে।
ভবিষ্যতেও মাসিক এ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিভিন্ন লোকজ ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন