সৌদি আরবের রাজধানী রিয়াদে আকাশ হামলার সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দেখা গেছে ঘন কালো ধোঁয়া। একই সময়ে রাজধানীজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর এই প্রথমবার বাসিন্দাদের আকাশ হামলার সতর্কতা দিয়ে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়। পরে শনিবার সকালে সৌদি কর্তৃপক্ষ সতর্কতা তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বার্তা দেয়।
তবে সতর্কতা তুলে নেওয়ার পরও বিমানবন্দরের আশপাশে ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটে দীর্ঘ বিলম্ব এবং বাতিলের ঘটনা ঘটেছে।
এক স্থানীয় বাসিন্দা এএফপিকে বলেন, বিস্ফোরণের মতো শব্দ শোনার পর বিমানবন্দরের দিক থেকে কালো ধোঁয়া ও আগুন দেখা যায়।
সৌদি সিভিল ডিফেন্স রাতের দিকে রিয়াদসহ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা পাঠায়। পরে শনিবার সকালে ‘অল ক্লিয়ার’ বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেওয়া হয়।
হুথিদের সঙ্গে বাড়ছে উত্তেজনা
সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা নতুন করে বেড়েছে। শুক্রবার হুথিরা দাবি করে, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলা প্রতিহত করেছে তারা।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া দাবি করেন, গত এক সপ্তাহে সৌদি আরব ইয়েমেনে প্রায় ৩০০টি হামলা চালিয়েছে। সানায় সাম্প্রতিক হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে এর ‘জবাব দেওয়া হবে’ বলেও সতর্ক করেন তিনি।
হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে জড়িয়ে রয়েছে। সম্প্রতি তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা ও বাব আল-মন্দেব প্রণালির প্রবেশপথ হিসেবে পরিচিত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।
হুথিদের ভাষ্য, উত্তর-পশ্চিম ইয়েমেনে সৌদি আরোপিত বন্দর ও বিমানবন্দর অবরোধের প্রতিক্রিয়ায় তারা লোহিত সাগরে নৌ অবরোধ জোরদার করেছে।
এদিকে ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর এশিয়া ও ইউরোপে তেল রপ্তানিতে সৌদি জাহাজগুলো লোহিত সাগরের ওই পথের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন