এশিয়ান গেমসে উশুতে বাংলাদেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করেছেন নারী অ্যাথলেট জিন্নাত আক্তার। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনা নির্ধারিত ওজনের চেয়ে বেশি হওয়ায় ডিসকোয়ালিফাইড হন। ফলে জিন্নাতকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তিনি সেমিফাইনালে জায়গা করে নেন।
এর মধ্য দিয়ে উশুর এই ইভেন্টে বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।
কোয়ার্টার ফাইনালে জিন্নাতের মুখোমুখি হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনার। তবে নির্ধারিত ওজনসীমা অতিক্রম করায় ম্যাচ অফিসিয়ালরা তিসারাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী জিন্নাতকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে প্রথম রাউন্ডে সরাসরি ‘বাই’ পেয়েছিলেন তিনি।
বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেমিফাইনালে ওঠার মাধ্যমে জিন্নাতের অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।
আগামী ২৩ সেপ্টেম্বর সেমিফাইনালে চীনের এক প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত। ওই ম্যাচে জয় পেলে স্বর্ণপদকের জন্য লড়বেন তিনি। আর পরাজিত হলেও ব্রোঞ্জ পদক নিয়েই এশিয়ান গেমস শেষ করবেন বাংলাদেশের এই অ্যাথলেট।
এদিকে পুরুষদের ইভেন্টে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। উশুর ৫৬ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে চীনের প্রতিযোগী জিয়ামিনের মুখোমুখি হয়ে নকআউট হন বাংলাদেশের সজীব হোসেন। গুরুতর চোটের কারণে পরবর্তী রাউন্ডে অংশ নিতে না পারায় তাকে ওয়াকওভার দিতে হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন