শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
তিনি বলেন, বছরের প্রথমেই প্রত্যেক শিক্ষার্থীকে বিনামূল্যে বই, স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিরল উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মরহুম এ. এফ. এম. রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের সৌজন্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষকদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, শিক্ষকরা যেন শিক্ষার্থীদেরকে ভালো ভাবে যত্ন নেন এবং তাদের প্রতি মানবিক হন। বর্তমান সরকার শিক্ষকদের বেতন-ভাতাসহ সকল প্রকার সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে, সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মিজ শারমীন সুলতানা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জীময় সরকার এবং উপজেলা বিএনপির সভাপতি মো: বাবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক কৃতি ২৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন