বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে, শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, নিষ্ঠা ও সততার স্বীকৃতি স্বরূপ দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ব্রম্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ-আল-মিনার। তিনি দিনাজপুর জেলার বিরল পৌরসভায় অবস্থিত এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিকে দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন। জেলা পর্যায়ে তার এই অনন্য ও গৌরবময় অর্জনে বিরল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমাজ, সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকদের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে।
স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা জানান, শিক্ষাদানে প্রধান শিক্ষক তাজ-আল-মিনার এর নিষ্ঠা, সততা এবং অক্লান্ত পরিশ্রম আজ তাকে এই সম্মান জনক অবস্থানে নিয়ে এসেছে। তার সুদৃঢ় নেতৃত্বে ব্রম্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার মান উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা এই গুণী শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সর্বাঙ্গীন সমৃদ্ধি কামনা করেন।
একই সাথে তার হাত ধরে প্রাথমিক শিক্ষার আলো চারদিকে আরও ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক তাজ-আল-মিনার বলেন, যে কোনো কাজের স্বীকৃতি মানুষকে আনন্দ দেয় এবং দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আজকের এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের সকল সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিরল উপজেলা শিক্ষা পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব আজীবন সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাই হলো একজন মানুষের সুনাগরিক হয়ে ওঠার মূল ভিত্তি। আগামী দিনেও যাতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি মেধা ও মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে পারি, সেজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন