দিনাজপুরে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার ও চার রাউন্ড তাজা গুলিসহ মোঃ হারুন (৫৫) এবং মোঃ রতন (২০) নামে
দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের হাসপাতাল মোড়ে নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে ট্রাফিক পুলিশ।
আটক মোঃ হারুন দিনাজপুর কোতোয়ালি থানার দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে হারুন এবং মোঃ রতন একই এলাকার ষষ্ঠীতলার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। হারুন পেশায় পিকআপচালক এবং রতন একটি পিকআপ গ্যারেজে কর্মরত রয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, লিলির মোড় থেকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দু’জন বালুবাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সদর হাসপাতাল মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার ঝা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরে তল্লাশির একপর্যায়ে হারুনের কাছে থাকা লাল রঙের একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে দেশীয় তৈরি একটি পাইপগান (ওয়ান শুটার) ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অমৃত সরকারের উপস্থিতিতে তল্লাশি শেষে আটক দু’জনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, ‘রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি থামিয়ে যাচাই-বাছাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’
আটক হারুনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন