মরহুম পিতার রেখে যাওয়া সম্পত্তিতে ন্যায্য হিস্যা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো. জুয়েল ইসলাম ও তার ছোট ভাই মো. রিফাত ইসলাম। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনাজপুর প্রেসক্লাবের কালিতলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, তাদের পিতা মৃত আব্দুর রাজ্জাক সেতাবগঞ্জ বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর পর পৈতৃক ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।
জুয়েল ইসলাম ও রিফাত ইসলামের অভিযোগ, তাদের বড় ভাই মো. রুবেল ইসলাম তাদের পিতার ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সম্পত্তি এককভাবে ভোগদখল করছেন। তাদের দাবি, বাবার ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে ইটভাটায় অংশীদারিত্ব, বিভিন্ন এলাকায় জমি ক্রয় এবং বাড়ি নির্মাণ করা হয়েছে। এসব সম্পত্তির মোট মূল্য কয়েক কোটি টাকা বলে তারা দাবি করেন।
তারা আরও অভিযোগ করেন, পিতার মৃত্যুর পর তাদের বড় ভাই তাদের মাকে চাপ প্রয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠান নিজের নামে লিখে নেন এবং পরবর্তীতে সম্পত্তির নিয়ন্ত্রণ এককভাবে নিয়ে নেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিষয়টি জানানো হলেও তারা ন্যায্য হিস্যা পাননি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, তাদের বড় ভাই তাদের দুটি খালি দোকানঘর ও সামান্য কিছু টাকা দিয়েছেন। কিন্তু পিতার রেখে যাওয়া ব্যবসা ও অন্যান্য সম্পত্তির তুলনায় তারা ন্যায্য অংশ পাননি বলে দাবি করেন।
এ সময় তারা আরও অভিযোগ করেন, ন্যায্য অধিকার দাবি করায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে এবং তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন কথা প্রচার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জুয়েল ইসলাম ও রিফাত ইসলাম তাদের পিতার রেখে যাওয়া সম্পত্তির আইনানুগ ও ন্যায্য হিস্যা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানান তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে বড় ভাই মো. রুবেল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন