দিনাজপুরের বীরগঞ্জ থানায় চৌকিদার প্যারেড পরিদর্শন করেছেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বীরগঞ্জ থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এএসপি (শিক্ষানবিশ) মো: আক্তারুজ্জামান সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, এসআই একরামুল হকসহ থানার কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা।
প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার বলেন, আপনারা আমাদের সর্বোচ্চ হেল্পলাইন। গ্রামের মানুষের সঙ্গে আপনাদের সরাসরি যোগাযোগ রয়েছে। তাই নিজ নিজ এলাকায় কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী থাকলে তাদের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করে দ্রুত থানা পুলিশকে জানাতে হবে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপরাধের তথ্য পুলিশকে দ্রুত জানালে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আপনারা পুলিশের চোখ-কান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
এ সময় তিনি গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে চৌকিদার ও দফাদারদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার মাদক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে গ্রাম পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি কোনো অপরাধী বা মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা পুলিশকে অবহিত করার নির্দেশ দেন।
প্যারেডে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন