“সিডও সনদের ধারা ২ এবং ১৬.১ (গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার কর, নারীর নাগরিক অধিকার সুরক্ষায় সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত কর” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক সিডও দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর-২০২৬) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা এই সভার আয়োজন করে। বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানীয় সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মিনতি ঘোষ, রত্না মিত্র, সুমিত্রা বেসরা, সামাজিক প্রতিরোধ কমিটির আহবায়ক সফিকুল ইসলাম, নাট্য সমিতির নির্বাহী সদস্য রুবিউল আউয়াল খোকা, উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, উদীচী’র সাধারণ সম্পাদক সুজন দে, এ্যাডভোকেট তাপস পাল, সমাজকর্মী মুকিত হায়দার প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার এবং আলোকচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ।
আয়োজিত আলোচনা সভায় বক্তারা নারীর নাগরিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সিডও সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহারের জোর দাবি জানান। একই সাথে পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
দিনাজপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, নারীর সমঅধিকার নিশ্চিত না হলে একটি বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। তাই সিডও সনদের পূর্ণ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন