পানিসম্পদ মন্ত্রী ও চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের প্রতিপক্ষ অপশক্তিকে রাজনৈতিকভাবে এবং গণতান্ত্রিক কায়দায় মোকাবিলা করতে হবে, কোনোভাবেই সংঘাত বা সহিংসতার পথে যাওয়া যাবে না।
আজ বুধবার বিকেলে নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, একইসঙ্গে আমাদের দলের অসহায় ও দুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে। আন্দোলন-সংগ্রামে আহত নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা, বিপদে-আপদে তাদের সহযোগিতা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সংগঠনের শক্তি শুধু রাজনৈতিক কর্মসূচিতে নয়, নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থাকার মধ্যেও প্রকাশ পায়।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমাদের স্লোগান ছিল, ‘সবার আগে বাংলাদেশ’; এখন আমাদের লক্ষ্য, ‘সবার জন্য বাংলাদেশ’। এই লক্ষ্যকে সামনে রেখে একটি নতুন, স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামীণ উন্নয়ন ও স্বনির্ভরতার যে চিন্তা ছিল, সেই ধারাকে এগিয়ে নিতে হবে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন আমাদের অন্যতম লক্ষ্য। এসব লক্ষ্য বাস্তবায়নের মধ্য দিয়ে একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান, সরোয়ার জামাল নিজাম, এনামুল হক এনাম, জসিম উদ্দিন আহমেদ, সাঈদ আল নোমান, নুরুল আমিন, হুম্মাম কাদের ও শাকিলা ফারজানা।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন