সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী হুতিদের ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও ধ্বংস করেছে বলে জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
বৃহস্পতিবার (২৪ সেপেম্বর) এক বিবৃতিতে আল-মালিকি বলেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুতি মিলিশিয়াদের নিক্ষেপ করা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করেছে।
তার দাবি, ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগর ইয়ানবুও ছিল।
আল-মালিকি বলেন, ‘হুতি সন্ত্রাসী মিলিশিয়াদের উসকানি ও লঙ্ঘন কঠোরভাবে মোকাবিলা করা হবে।’
তবে ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সৌদি সামরিক বাহিনীর এ দাবি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন