শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরের বীরগঞ্জে চলছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরি, মণ্ডপ সাজসজ্জা ও থিমের কারুকাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
দেবী দুর্গার পাশাপাশি দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, ভগবান গণেশ ও কার্তিকের প্রতিমা। বিশেষ থিম ও নান্দনিক কারুকাজের মাধ্যমে প্রতিমাগুলোকে আকর্ষণীয় করে তুলতে কাজ করছেন কারিগররা।
এরই ধারাবাহিকতায় উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর বুড়িহাট বাজার সংলগ্ন দক্ষিণ রঘুনাথপুর সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটির আয়োজনে এবার নেওয়া হয়েছে ব্যতিক্রমী থিমের বিশেষ আয়োজন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের দুর্গাপূজার মোট বাজেট ধরা হয়েছে প্রায় ১৬ লাখ টাকা। এর মধ্যে প্রতিমা তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় ৩ লাখ টাকা। বিশেষ থিমের পাশাপাশি নান্দনিক সাজসজ্জা ও কারুকাজের মাধ্যমে মণ্ডপটি দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে কাজ চলছে।
২৫ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন শ্রমিকরা। প্রতিমা তৈরির কারিগর সন্তেশ মালি ও তার দলের মোট ৯ জন শ্রমিক কাজ করছেন। সন্তেশ মালি জানান, ইতোমধ্যে প্রতিমা তৈরির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।
দক্ষিণ রঘুনাথপুর সার্বজনীন দুর্গাপূজা আয়োজক কমিটির সভাপতি তপন চন্দ্র রায় জানান, এবারের পূজায় ভক্তদের ধর্মীয় অনুভূতির পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে। ব্যতিক্রমী থিম ও নান্দনিক সাজসজ্জার মাধ্যমে এবারের পূজাকে স্মরণীয় করে তুলতে তারা চেষ্টা করছেন।
উপদেষ্টা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ককিল বাবু বলেন, এবার আমাদের পূজার আয়োজন ভিন্নভাবে করা হচ্ছে। তুলনামূলকভাবে বড় বাজেটের পাশাপাশি বিশেষ থিমের আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা যাতে সুন্দর পরিবেশে পূজা উপভোগ করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও প্রতিমা তৈরির কাজ, কোথাও মণ্ডপের সাজসজ্জা, আবার কোথাও থিমের কারুকাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পূজা ঘিরে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন