ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আবারও মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পলাশবাড়ী) এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. সজীব মিয়া।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে প্রতিদিনের মতো শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। আজকের মেন্যুতে খাবারের সঙ্গে ডিম দেওয়া হয়েছিল। ডিম খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একে একে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। তীব্র পেট ব্যথা, বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দিলে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে ২০ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
এর মাত্র দুদিন আগে একই উপজেলার অন্য একটি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই উপজেলায় মিড ডে মিলের ডিম খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনায় খাবারের মান ও নিরাপত্তা নিয়ে সচেতন মহল ও অভিভাবকদের মনে নানা প্রশ্ন উঠেছে।
তবে শিক্ষার্থীরা ঠিক ফুড পয়জনিং নাকি অন্য কোনো কারণে অসুস্থ হয়েছে, তা চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, "গত দুদিন আগের ঘটনার পর আজকেই আমি স্কুল পরিদর্শন করেছি এবং অভিভাবকদের সাথে দেখা করেছি। স্কুল কর্তৃপক্ষকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। পূর্বের ওই ঘটনার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং খাবারের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।"আজকের ঘটনা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক আরও বলেন, "আজকে আবার এমন ঘটনা ঘটা আসলেই অত্যন্ত দুঃখজনক। আমি দ্রুত এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছি এবং চিকিৎসাধীন শিশুদের দ্রুত সুস্থতা কামনা করছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন