গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সীমান্ত দিয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যমানের দুটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টায় ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে মূর্তি দুটি উদ্ধার করে। বিজিবি সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র ভারতে পাচারের উদ্দেশ্যে মূর্তি দুটি ওই বাড়িতে লুকিয়ে রেখেছিল।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং একই উপজেলার পণ্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন ও নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে—একটি সংঘবদ্ধ পাচারকারী দল জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ সীমান্তবর্তী দইহারা এলাকার একটি বাড়িতে মূল্যবান কষ্টিপাথরের মূর্তি মজুত করেছে। তথ্যের সত্যতা যাচাই শেষে বিজিবি ও পুলিশের যৌথ টিম দইহারা গ্রামে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে বাড়ি থেকে দুটি মূর্তি উদ্ধারের পাশাপাশি তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া মূর্তিগুলোর সত্যতা ও মান যাচাইয়ের জন্য নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পরীক্ষা করানো হয়। পরবর্তীতে ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, বড় মূর্তিটির ওজন ১১৯ কেজি এবং ছোট মূর্তিটির ওজন ১৬ কেজি ৮৭০ গ্রাম। বিজিবির নির্ধারিত প্রমিত মান ও মূল্যতালিকা অনুযায়ী মূর্তি দুটির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।
আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন