সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারের দোসররা আগুন-সন্ত্রাস সৃষ্টি করে দেশে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ক্ষমতা থাকলে রাজপথে আসেন, রাজপথেই প্রতিহত করা হবে।” তিনি আরও বলেন, ৫ আগস্ট যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, তাদের বিচার করা হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলার চেষ্টা করে কোনো অপচেষ্টাই সফল হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করবে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানান এবং পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন