মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সচিব প্রফেসর নূর মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, একদিনে মহীরূহ তৈরী হয়না। আজকের ছোট উদ্যোগই একদিন বটবৃক্ষে পরিণত হবে। শিক্ষা বোর্ড সচিব বলেন, দিনাজপুরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। কিন্তু মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের বেশ অভাব রয়েছে। আমাদের পাশের সৈয়দপুরেই অনেকগুলি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রংপুরেও বেশ কয়েকটি উল্লেখ করার মতো প্রতিষ্ঠান আছে। কিন্তু সেই তুলনায় দিনাজপুর শহর অনেকটাই পিছিয়ে রয়েছে। আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজের এই উদ্দ্যোগকে স্বাগত জানাই। এখানে বিজ্ঞানের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের কম্বিনেশন আমাকে বেশ ভাল লেগেছে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। বিজ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে একটি শিশু বেড়ে উঠলে সে কখনোই নষ্ট হবে না। এসময় তিনি অভিভাবকদের প্রতিষ্ঠানটির পাশে দাড়ানোর আহবান জানান।
প্রফেসর আব্দুর রাজ্জাক আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বিকেলে বিজ্ঞান বিষয়ক কুইজ টেস্ট ও ৩ দিনব্যাপী বিজ্ঞান উৎসব-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আনিসুল হক জুয়েল-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মওদুদ-উল করিম বাবু, পরিচালক আসাদুজ্জামাননুর, শহীদুজ্জামান শাহীন, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহ আলম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিকী।
বিজ্ঞান উৎসব ও কুইজ প্রতিযোগিতার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানার আপসহ প্রায় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে অংশগ্রহণকারী প্রায় ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনের জন্য সনদ প্রদান করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন