দিনাজপুর সদরের মাশিমপুর-সৈয়দপুর (ডাবর পাড়া) এলাকায় ২৫ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার সন্ধ্যায় মাদকবিরোধী গণসচেতনতা ও সামাজিক প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার সচেতন নাগরিক সমাজ, আদর্শ সংঘ এবং আদর্শ গ্রন্থাগারের যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুন্নবী। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ সিদ্দিক আলীর সভাপতিত্বে এবং মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালী থানার ওসি মোঃ নুরুন্নবী বলেন, "মাদক একটি পরিবার, সমাজ, রাষ্ট্রসহ সমগ্র বিশ্বকে ধ্বংস করার মূল হাতিয়ার। প্রতিটি মহল্লায় মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে তবেই পর্যায়ক্রমে ইউনিয়ন, থানা, জেলা এবং সমগ্র দেশকে মাদকমুক্ত করা সম্ভব। তাই সর্বপ্রথমে আমাদের নিজেদের এলাকা ও মহল্লা থেকে মাদক চিরতরে নির্মূল করার কার্যকর উদ্যোগ নিতে হবে, যেন আমরা দেশকে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ উপহার দিতে পারি।"
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম (ওস্তাদ), শিক্ষাবিদ মোঃ তছলিম উদ্দিন, মশিমপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোস্তফা কামাল, ডাবর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাদিউজ্জামান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোজাম্মেল হক এবং মাদকবিরোধী সমাবেশের অন্যতম সমন্বয়ক মোঃ ইরশাদ আলী।
বক্তারা মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন