দিনাজপুরের বীরগঞ্জে অগ্রদূত ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সিজন-৪-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী মহাবিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় রানীবন্দর আইডিয়াল ক্লাব, দিনাজপুর ও বিএফসি কাহারোল।
খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবি।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ডা. কে এম কুতুবুদ্দিন, ঐক্যবদ্ধ ঝাড়বাড়ীর কে এম সালাউদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টটির আয়োজন করে কলেজ মোড় অগ্রদূত ক্লাব। আয়োজকদের মধ্যে মো. হামিদুল ইসলাম জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে রানীবন্দর আইডিয়াল ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি মো. আক্কাস আলী পুরস্কার তুলে দেন।
ফাইনাল ম্যাচ দেখতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়ামোদী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে ঝাড়বাড়ী মহাবিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন