জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষায় বসানো অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব হোসেন ওই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম কড়িয়া গ্রামের কৃষক আবু বক্কর শিয়ালের হাত থেকে তাঁর শসা ক্ষেত রক্ষার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রাখেন। অভিযোগ রয়েছে, কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছাড়াই এভাবে জমিতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল।
শনিবার দিবাগত রাতে সাকিব হোসেন ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
রোববার সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসা ক্ষেতে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ দেখতে পান। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে।
পরে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ফসল রক্ষার নামে জমির চারপাশে এ ধরনের উন্মুক্ত বৈদ্যুতিক ফাঁদ বসানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে কৃষক বা জমিতে যাতায়াতকারী যে কেউ প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হতে পারেন।
তাঁরা বলছেন, একটি শসা ক্ষেত রক্ষার জন্য বসানো বৈদ্যুতিক ফাঁদ শেষ পর্যন্ত একটি পরিবারের স্বজন হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে ফসলি জমিতে অবৈধ বৈদ্যুতিক সংযোগ ও ফাঁদ ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা প্রয়োজন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন