দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রবিবার সকালে ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোঃ খলিলুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।
মো. খলিলুর রহমান আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এ নিয়ে তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় হুইপ জানান, মো. খলিলুর রহমানের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এই শোক সইবার শক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
খলিলুর রহমানের আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আলোকঝাড়ী ইউনিয়নসহ পুরো খানসামা উপজেলায় শোকের আবহ নেমে আসে। তার সহকর্মী জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষবারের মতো তাঁকে স্মরণ করছেন। দীর্ঘদিনের পরিচিত একজন জনপ্রতিনিধির এমন আকস্মিক বিদায়ে স্থানীয় মানুষের মাঝে নেমে এসেছে গভীর বিষাদের ছায়া।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন