জামায়াতকে দলের নাম থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। তিনি বলেন, ‘দলের নামে ইসলাম লাগাবেন- আর সারাদিন মিথ্যা বলবেন, অপকর্ম করবেন; তা বাংলার জনগণ মেনে নেবে না।’
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি নগরীর জীবন বীমা মোড়, প্রেসক্লাব ও জাহাজ কোম্পানি মোড় হয়ে আবারও গ্র্যান্ড হোটেল মোড়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও সমাবেশে মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও তাঁতী দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন মহিলা দলের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, আহ্বায়ক সামসুজ্জামান সামু প্রমুখ।
সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ‘পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আবারও এদেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার যে পায়তারা করছে, তাদের আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই- বর্তমান সরকার এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ৫ বছরের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কোনো ষড়যন্ত্র, কোনো পরিকল্পনা বা গুপ্ত-সুপ্ত এজেন্ডা নিয়ে রাজপথে আসলে রাজপথেই তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, ‘গত নির্বাচন যেভাবে চুরি করেছেন, পোলিং এজেন্ট ও অফিসারদের কিনে নিয়েছেন- আমরা সব দেখেছি। আপনারা যে এত নোংরা, আবার আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেন! আমার আহ্বান- ‘ইসলাম’ শব্দটা ওখান থেকে বাদ দিন; ‘বাংলাদেশ জামায়াত’ বলুন। কারণ শুধু জামায়াত বললে সত্য-মিথ্যা যা-ই বলবেন, মানুষ হয়তো শুনবে। কিন্তু ইসলামের নাম নিয়ে মানুষের সাথে প্রতারণা করবেন, তা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। সারাদিন মিথ্যা কথা বলছেন, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত আছেন এবং মানুষের আরাম-আয়েশ হারাম করার জন্য কাজ করছেন। আমার বিশ্বাস, সামনে এই ধরনের কাজ করার পর জনগণের পাশে দাঁড়ানোর মতো কোনো মুখ আপনাদের থাকবে না।’
রংপুর-৩৬ আসনের সংরক্ষিত মহিলা এমপি রেজেকা সুলতানা ফেন্সি বলেন, ‘আ.লীগ ও তাদের দোসরসহ অন্যান্য দল যারা বিরোধী দল হিসেবে আছে, তারা দেশ যখন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তখন তা বিনষ্ট করার চক্রান্ত করছে। দেশকে পঙ্গু করতে, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নষ্ট করতে তারা মিথ্যা অপপ্রচার চালিয়ে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে। আমি মনে করি, বাংলাদেশের জনগণ এই স্বৈরাচারী দল ও তাদের দোসরদের এই অন্যায়-অত্যাচার এবং মিথ্যা প্রচারণা কখনোই মেনে নেবে না।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন