দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক নুরুল ইসলাম উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল কেনেন নুরুল ইসলাম। পরে চালগুলো নিজ বাড়ির গুদামে মজুত করেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা-পুলিশ তাঁর বাড়ির গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে। পরে সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নুরুল ইসলামকে আটক করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা চালের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন