গাইবান্ধার সাদুল্লাপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের সোনালী ব্যাংক সংলগ্ন ‘জীম মাংস’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত।
জেলাল শেখ সাদুল্লাপুরের মৃত আলিম শেখের ছেলে। তিনি ‘জীম মাংস’ দোকানের স্বত্বাধিকারী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রোগাক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই দোকানে অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলাল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান বলেন, অভিযানে জব্দ করা মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় মাটিতে পুঁতে ফেলা হয়েছে। একই সঙ্গে রোগাক্রান্ত বা অনিরাপদ মাংস বাজারজাত না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
ইউএনও রওজাতুন জান্নাত বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন