শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের ঐতিহ্যবাহী আয়োজন ‘নতুন কুঁড়ি’। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে নতুন করে আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আবারো ব্যাপক সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় এবার শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’। আগামী ১ অক্টোবর থেকে এ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে। আবেদন করা যাবে অনলাইন ও অফলাইনে। নিবন্ধনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত।
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। ওই বছরই যাত্রা শুরু করে শিশু-কিশোরদের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৫ সালে ‘নতুন কুঁড়ি’ নতুন আয়োজনে ফিরলে দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সৃষ্টি হয় নতুন আগ্রহ ও উদ্দীপনা।
এবার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’। প্রতিযোগিতাটি সারা দেশে ১৮টি অঞ্চলে আঞ্চলিক বাছাই এবং আটটি বিভাগে বিভাগীয় বাছাইয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে। বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীরা ঢাকায় চূড়ান্ত বাছাইয়ে (সেরা দশ) অংশ নেবেন। সেরা দশ থেকে নির্বাচিত প্রতিযোগীরাই ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হবে।
এবার ১৮টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, নজরুলসংগীত (দলীয়), রবীন্দ্রসংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত। তবে ছড়াগান শুধু ‘ক’ শাখার জন্য নির্ধারিত।
‘ক’ শাখায় ৬ থেকে ১১ বছরের কম বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। ‘খ’ শাখায় অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১১ থেকে ১৫ বছরের মধ্যে। ক্বিরাত প্রতিযোগিতা হবে আলাদা একটি শাখায়। এতে ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর বয়সীরা অংশ নিতে পারবে। ক্বিরাত প্রতিযোগিতা শুধু বিভাগীয় বাছাই ও ফাইনাল পর্বে অনুষ্ঠিত হবে।
প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইনের যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক বিষয়ে এবং দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
‘নতুন কুঁড়ি-২০২৬’ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম, নিবন্ধন পদ্ধতি, বয়সসীমা ও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট এবং নতুন কুঁড়ির ওয়েবসাইটে। ওয়েবসাইট: www.btv.gov.bd এবং www.notunkuri.gov.bd
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন