রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিব হোসেন জানান, মিরপুর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর সময় প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের গাড়ি ও অভিযানে ব্যবহৃত একটি ভেকুতে ভাঙচুর চালান।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর ও হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতে এই অভিযান শুরু হয়। উচ্ছেদ চলাকালে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে উপস্থিত হকার ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ ও ভেকু (উচ্ছেদকারী যান) ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং হকারদের ছত্রভঙ্গ করার পর পুলিশ, এসআরবি ও প্রশাসনের কঠোর পাহারায় হোপ মার্কেট এলাকায় পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে পুরো মিরপুর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে ঘটনাস্থলে তথ্য ও ছবি সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের সঙ্গেও হকারদের কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজন গণমাধ্যমকর্মীকে হেনস্তা ও তাদের ওপর চড়াও হন হকারেরা।
দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের একটি দলকে অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান নেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময়ও এলাকায় উত্তেজনা চলছিল। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ফুটপাতের ব্যবসায়ীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে নাসির উদ্দীন নামে এক পথচারী আহত হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন