দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ছাগল ও মালামালসহ মুদি দোকান হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ছাগল ও মুদি মালামাল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার হোসেন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান মান্নান হোসেন দৌলতপুর ইউপি সাইফুল ইসলামসহ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, বিভিন্ন ইউনিয়নে যাচাই-বাছাই করা ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় ১৪ জনকে তিনটি করে মোট ৪২টি ছাগল এবং আরও দুইজনকে প্রয়োজনীয় মালামালসহ দুটি মুদি দোকান হস্তান্তর করা হয়। ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে বের করে এনে স্বাবলম্বী করা এবং তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। আয়বর্ধক এসব উপকরণের মাধ্যমে পুনর্বাসিত ব্যক্তিরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত এবং পুনরায় যাতে ভিক্ষাবৃত্তিতে ফিরে যেতে না হয়, সে লক্ষ্যেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন