স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, সরকারি কোনো লাভজনক পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ছাদে সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ছাদ সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ সংশ্লিষ্টদের নিজস্ব চাহিদা মেটানোর পর জাতীয় গ্রিডে দেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মীর শাহে আলম আরও বলেন, ‘বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, ততবার বিএনপির হাত ধরেই পথ খুঁজে পেয়েছে।’ অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি দেশ হিসেবে কিছুদিন আগে আবারও বিএনপি দেশের দায়িত্ব নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সুষম বণ্টনের ভিত্তিতে দেশের সব অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এর আগে গাইবান্ধা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় যোগ দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন