দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে তিস্তাপাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমানের বড় পরিবর্তন ঘটবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কারিগরি সমীক্ষা শেষ হওয়ার পর আগামী অর্থবছর থেকেই বাস্তবায়নকাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তিস্তার দুই পাড়ের প্রায় দুই কোটি মানুষ এর সুফল পাবেন।
তিনি বলেন, মহাপরিকল্পনার সুফল শুধু নদী ব্যবস্থাপনায় সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে কৃষি, যোগাযোগ, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে নদীভাঙন ও বন্যার কারণে সংকটে থাকা তিস্তাপাড়ের মানুষের জীবন-জীবিকায়ও এর প্রভাব পড়বে।
রাষ্ট্রের বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, ‘১৭ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে।’ এর প্রভাব আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, এখনো বিভিন্ন জায়গায় অনিয়ম ও দুর্নীতি রয়েছে। সরকার এসব বিষয়ে কাজ করছে।
কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি থেকে আসন না পাওয়া হলেও এ জেলার মানুষের কর্মসংস্থান ও উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি মানুষের আয় বাড়বে, দারিদ্র্য কমবে এবং সরকারের প্রতি মানুষের আস্থাও তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি।
দুলু বলেন, কুড়িগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়। কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন