নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা ও উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সৈয়দপুর পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী বলেন, দাওয়াত দিয়ে আনলেন, আবার বাজেট সম্পন্ন না করেই চলে গেলেন এটা কেমন যেন হলো না। তাঁর এ বক্তব্য অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।
বাজেটকে কেন্দ্র করে পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়। পৌর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা নিয়ে পৌর এলাকাকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। পরে উপস্থিত অতিথি ও সুধীজনের সহযোগিতা কামনার মধ্য দিয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠান শেষ হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন