২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া এই বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ২ অক্টোবর। ফাইনাল ২১ নভেম্বর। ১৪ দলের এই আসরে হবে মোট ৫৭টি ম্যাচ।
নতুন কাঠামোর বিশ্বকাপে শুরুতেই থাকছে তিন দলের ‘সুপার সিরিজ’। ২, ৪ ও ৬ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে হবে তিনটি ম্যাচ। এই পর্বের বিজয়ী দল উঠবে মূল গ্রুপ পর্বে।
এরপর ১২ দলকে ভাগ করা হবে দুটি গ্রুপে। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। গ্রুপ ‘বি’তে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ ও কোয়ালিফায়ার ‘বি’।
৭ অক্টোবর কেপটাউনে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে মূল গ্রুপ পর্ব। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা দল।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল উঠবে ‘সুপার ৭’ পর্বে। চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দলটিও পাবে এই পর্বে খেলার সুযোগ। সুপার ৭-এ সাত দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
বিশ্বকাপের ১২টি ভেন্যুর মধ্যে দক্ষিণ আফ্রিকায় থাকছে আটটি, জিম্বাবুয়েতে তিনটি এবং নামিবিয়ায় একটি। দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ।
বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১০ অক্টোবর। জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন