গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পোস্ট অফিসের ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং খসে পড়ছে পলেস্তারা। মেরামত না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছেন কর্মচারীরা।
সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র, সঞ্চয়পত্রের হিসাব ও পার্সেল ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। যেকোনো সময় ছাদের অংশ ধসে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন কর্মচারী ও সেবা নিতে আসা গ্রাহকরা।
এ বিষয়ে উপজেলা পোস্টমাস্টার জানান, ভবনটির বেহাল দশার কথা দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন, `আমরা জীবনের ঝুঁকি নিয়ে পোস্ট অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বৃষ্টি এলেই কাগজপত্র ভিজে যায়, এতে সরকারি সম্পদ নষ্ট হচ্ছে।'
স্থানীয়দের অভিযোগ, উপজেলার একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের এমন বেহাল দশা হলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই। দ্রুত নতুন ভবন নির্মাণ অথবা পুরাতন ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন