রংপুরের বদরগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় দোকানে হামলা চালিয়ে দুটি দোকান, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ১৫নং লোহানীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরলার বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ ইদ্রিস আলী (৫২) বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, লোহানীপাড়া ইউপির ২নম্বর ওয়ার্ডের আমলীর ডাঙ্গা এলাকার মো: ইদ্রিস আলী ও মোঃ মতিউর রহমান দীর্ঘদিন ধরে সরলার বাজারের সরকারি জায়গায় ভাংড়ির দোকান ও হোটেল ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযুক্ত বিবাদী মো: মোক্তারুল (৫৫), মো: রবিউল ইসলাম ভোসা (৫০), মো: সুজিয়ার রহমান (৫০), মো: সাবলু (২৫), মো: দুলাল (৪৫) ও মো: জয়নুল (৩০)-সহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে বাদীদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাদেরকে ব্যবসা করতে দেবে না এবং অপপূরণীয় ক্ষতিসাধন করার হুমকি প্রদান করে। চাদাবাজিকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র (লাঠি, লোহার রড, দা, কুড়াল) নিয়ে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে দোকান ঘরে হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে তারা দোকানে থাকা ভাংগাড়ির কিছু দামী মালামাল লুট করে নিয়ে যায় বলে, অভিযোগে উল্লেখ করা হয়।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে ১টি পুরাতন বাইসাইকেল (আনুমানিক মূল্য ৬,০০০ টাকা), ৪টি পুরাতন ভাংগাড়ি ভ্যান (আনুমানিক মূল্য ১৬,০০০ টাকা), ২০ কেজি তামা (আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা) এবং প্রায় ৩৫০ কেজি লোহা (আনুমানিক মূল্য ১৭,৫০০ টাকা)। যার সর্বমোট আনুমানিক মূল্য ৬৯,৫০০ টাকা।
ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিন, জিকরুল ও হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার সময় বিবাদীরা বাজারে এসে তাণ্ডব চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। এবিষয়ে ভুক্তভোগী দোকান মালিক সাংবাদিকদের জানান, এখানে দেড় শতাধিক দোকান পাট রয়েছে তাদের কারো দোকান ভেঙ্গে না দিয়ে শুধু আমাদের দুজনের দোকান তারা কেন ভেঙ্গে দিল। আমরা চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাদের দোকান ভেঙে দিয়েছে আমরা গরীব মানুষ এই দোকানই আমাদের রুটি রুজির একমাত্র সম্বল ও ভরসা।
অভিযোগের বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন