মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক বিশাল প্রতিবাদ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা মণ্ডলপাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে তালুক ফলগাছা ও মণ্ডলপাড়াসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা মাদকের কুপল তুলে ধরে এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার। সভাটি সঞ্চালনা ও মূল বক্তব্য উপস্থাপন করেন মাদকবিরোধী কমিটির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক এবং আলিফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. সাজেদুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এমএ গাফফার মোল্লা, যুগ্ম আহ্বায়ক মমতাজুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম বাবু, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর মিয়া, প্রভাষক মাহফুজুর রহমান, শিক্ষক সাইদুর রহমান এবং সমাজসেবক আব্দুর গফুর মণ্ডলসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, "মাদক একজন ব্যক্তি, তার পরিবার এবং সমগ্র সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে এই মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।" একই সাথে তারা বামনডাঙ্গা এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সামাজিক বয়কট ও প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, কেবল আইন প্রয়োগ করে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়; এজন্য পরিবার ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। যুবসমাজকে মাদকের বিষাক্ত ছোঁয়া থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে বেশি বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।
উক্ত সচেতনতামূলক সামাজিক কর্মসূচিতে তালুক ফলগাছা, মণ্ডলপাড়া ও বামনডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন