জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সকালে উপজেলার ৮নং ভোগনগড় ইউনিয়নের কবিরাজহাট ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।
এ সময় ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজারের দোকান মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এমপি মো. মনজুরুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। সবাই সচেতন ও দায়িত্বশীল হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন ভোগনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ভোগনগড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল আমীন বাবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন