গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক বিকাশ এজেন্টকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পৌর শহরের জেপি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তবে ছিনতাইয়ের পরপরই স্থানীয় জনতা এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম।
আটক যুবকের নাম শামীম শেখ (৩৫)। তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর (গাওছাপাড়া) গ্রামের ভোলা শেখের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী বিকাশ এজেন্ট গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ফাস্টট্র্যাক সংলগ্ন বিকাশ এজেন্ট আইয়ুব হোসেন (৩৪) শনিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের জেপি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস তার পথ রোধ করে। গাড়ি থেকে ছিনতাইকারীরা নেমে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং গলায় দেশীয় ধারালো অস্ত্র ঠেকায়। এরপর তারা তার কাছে থাকা নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও দোকানের চাবিসহ ব্যাগটি ছিনিয়ে নেয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম বলেন, ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শামীম শেখকে আদালতে পাঠানো হয়েছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের পথচারী ও ফিলিং স্টেশনের কর্মচারীরা ছুটে এসে ছিনতাইকারীদের ঘেরাও করার চেষ্টা করেন। এ সময় মাইক্রোবাস নিয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা শামীম শেখকে ধরে ফেলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন