‘প্রতিশ্রুতি নয়, দাবি একটাই, বাস্তবায়ন চাই’ এই প্রত্যাশায় লালমনিরহাটের পাটগ্রামে নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বুড়িমারী-ঘুন্টি বাজার এলাকায় আমানতুল্লাহ প্রধান স্কুল অ্যান্ড কলেজ, স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সম্প্রতি বুড়িমারী-ঘুন্টি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে উপজেলার ঘুন্টি বাজার এলাকায় বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম।
আহতদের পরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছিল বলে জানা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, বুড়িমারী-ঘুন্টি মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে চালক ও পথচারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সড়কে আইন ও বিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে গত ২৮ সেপ্টেম্বরের দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আয়োজকরা বলেন, সড়ক দুর্ঘটনায় আর কোনো মায়ের বুক খালি হোক, এমনটা কেউ চান না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মানববন্ধনের আয়োজকেরা উপজেলা নির্বাহী অফিসার, লালমনিরহাট সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বরাবর এইসব দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন