রংপুরে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
শিল্প ও বাণিজ্য খাতের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার প্রত্যয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন রংপুর জোনের উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর কলেজ রোডের পানশী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)। প্রধান আলোচক ছিলেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স উপদেষ্টা এটিএম আজম খান, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. এমদাদ হোসাইন, সংস্থার সহ -সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু এবং রংপুর জোনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুবুর রহমান (বেলাল) বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বাজার তৈরি করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। তিনি তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। প্রধান আলোচক মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আধুনিক প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে ব্যবসার গুণগত মান উন্নয়নের পাশাপাশি সঠিক বিপণন কৌশল গ্রহণ জরুরি। ডিজিটাল মাধ্যম ও প্রচলিত বিপণন ব্যবস্থার সমন্বিত ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ করতে পারেন। সঠিক কর্মপরিকল্পনা ও নিষ্ঠা থাকলে একটি ক্ষুদ্র উদ্যোগও ধীরে ধীরে বড় শিল্পে রূপ নিতে পারে।
সমাবেশে বক্তারা রংপুরের স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, উদ্যোক্তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা এবং তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তাদের জন্য ‘মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি ফর এসএমইস’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসা পরিচালনায় আধুনিক বিপণন কৌশল, ক্রেতার মনস্তত্ত্ব, পণ্যের ব্র্যান্ডিং, বিক্রয় ব্যবস্থাপনা এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন সংস্থার উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষক মো. আল-মামুন জমাদ্দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও-এর রংপুর জোনের সেক্রেটারি অধ্যাপক মো. জিল্লুর রহমান মুন্সি, কারমাইকেল কলেজের সাবেক জিএস আবুল কালাম আযাদ এবং সংগঠনের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রংপুর মহানগর সভাপতি প্রকৌশলী মো. আরিফুর রহমান।
সমাবেশে রংপুরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ক্ষুদ্র, মাঝারি ও নতুন উদ্যোক্তা অংশ নেন। উদ্যোক্তারা ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন ও আধুনিক বিপণন কৌশল বিষয়ে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তারা বলেন, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা নিজেদের ব্যবসা আরও সুসংগঠিত ও সম্প্রসারণ করতে পারবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন