ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিল করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সংসদ সদস্যরা।
মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। খবর দ্য হিন্দুর।
মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার (ইসিআই) সদর দপ্তর অভিমুখে মিছিল শুরু করেন বিরোধী জোটের নেতারা।
ভোট চুরি এবং ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর) প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এই মিছিলকে কেন্দ্র করে সংসদ ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
বিভিন্ন স্থানে ব্যারিকেডও দেওয়া হয়। সংসদ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।
আকাশবাণী ভবন ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদেরও মোতায়েন করা হয়।
সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এই মিছিলের আয়োজন করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইন্ডিয়া ব্লকের নেতারা এসআইআর নিয়ে তাদের উদ্বেগের কথা জানাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে পারেন বলে জানিয়েছে দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর ১৯টি বিরোধী দলের বৈঠকের পর এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন