দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার এসআরবি-১৩, দিনাজপুরের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী নতুন বাজার এলাকায় এসআরবি-১৩-এর সিপিসি-১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমিন আজিজের নেতৃত্বে মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই দুই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার এক লাখ টাকা আদায় করা হয়।
এসআরবি-১৩ সূত্র জানায়, দিনাজপুরের বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস ডিলারদের বিরুদ্ধে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বাসসকে বলেন, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন