দিনাজপুরের বিরল থানা পুলিশের এক বিশেষ অভিযানে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত ও সাজা প্রাপ্ত পলাতক আসামি আতিকুর রহমান আতিককে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আতিকুর রহমান বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের রামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
জানা যায়, ধৃত আসামি আতিকের বিরুদ্ধে আদালত থেকে মোট ৪টি ওয়ারেন্ট জারি ছিল। এর মধ্যে ১টি সিআর মামলার সাজা ওয়ারেন্ট, ২টি সিআর মামলার সাধারণ ওয়ারেন্ট এবং ১টি জিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরানের দিকনির্দেশনায় একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। বিরল থানার এএসআই মো: তারেক আদনান, এএসআই আব্দুল জলিল এবং কনস্টেবল মো: আহসান আলী ও মো: আবুল কাশেমসহ সংগীয় ফোর্সের যৌথ প্রচেষ্টায় পীরগঞ্জ থেকে আতিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরান জানান, আসামি আতিক দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে বিরল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন