“চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিভিল সার্জন অফিস, দিনাজপুরের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, দিনাজপুরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জনসাধারণের মধ্যে চোখের স্বাস্থ্য, দৃষ্টি সমস্যা প্রতিরোধ, চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরতে কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চক্ষু স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা নিয়মিত চক্ষু পরীক্ষা, দৃষ্টি সুরক্ষা এবং চক্ষু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরেন।
পরে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। শিশুদের জন্মগত ও বয়সজনিত চক্ষু সমস্যা, ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও চোখের সংক্রমণসহ বিভিন্ন কারণে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে সময়মতো রোগ শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার মাধ্যমে এসব সমস্যা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব।
তারা আরও বলেন, শিশুদের নিয়মিত চক্ষু পরীক্ষা, বয়স্কদের ছানি ও বয়সজনিত চক্ষু রোগ সম্পর্কে সচেতনতা এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত চোখের জটিলতা সম্পর্কে সতর্ক থাকা জরুরি। চোখে কোনো ধরনের সমস্যা দেখা দিলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর, দিনাজপুর ডা. সাদরাতুন মুমতাহিনা; সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদ এবং মেডিকেল অফিসার ডা. মাগফেরাতুন্নেছা।
এছাড়া সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, চোখের যত্ন শুধু চিকিৎসার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য ও মানুষের জীবনমানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিশ্ব দৃষ্টি দিবসের কর্মসূচির মাধ্যমে দিনাজপুরের সর্বস্তরের মানুষের মধ্যে চোখের যত্ন ও দৃষ্টি সুরক্ষায় সচেতনতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন