আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
সভায় পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সর্বদা তৎপর থাকবে।
তিনি দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
সভায় মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), দিনাজপুরসহ জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন